06/07/2026
কেমন আছে আপনার প্রিয় সেন্ট মার্টিন?
☞ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র খুবই উত্তাল। ছোট পরিসরে জলোচ্ছ্বাস চলছে। ফলে বিভিন্ন পয়েন্ট থেকে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। কোন বেড়িবাঁধ না থাকার কারণে ব্যপক ভাঙ্গনের মুখে পড়েছে দ্বীপ।
☞ প্রায় এক সপ্তাহ যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি। বৃষ্টির পানিতে দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত বেলে মাটি বুদবুদ করছে। শ্রমজীবী মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেক বাড়ি পানি-বন্দী আছে।
☞ সমুদ্রের লঘুচাপ ও বৃষ্টির কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট বন্ধ আছে প্রায় সপ্তাহখানেক। সী ট্রাক বা দুর্যোগ উপযোগী যানবাহন না থাকায় কাঠের বোট বা স্পিডবোট দিয়ে বর্ষাকালে যাতায়াত করা কঠিন।
☞ সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যোগাযোগ বন্ধ থাকার কারণে দ্বীপের কিছু এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে যেতে পারেনি! শিক্ষা জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে!
☞ অনেক মানুষ চিকিৎসা ও জরুরি কাজে দ্বীপের বাহিরে গিয়ে আর ফিরে আসতে পারেনি। যোগাযোগ বন্ধ। টেকনাফ ঘাটে অনেক নারী, শিশু ও সাধারণ মানুষ সেন্টমার্টিন আসার অপেক্ষা করছে। আটকে পড়াদের মধ্যে গরীব মানুষের হাতের টাকা প্রায় শেষ।
☞ সেন্টমার্টিন বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের সংকট শুরু হয়েছে। দ্বীপে কোন খাদ্যগুদাম না থাকায় চাল-ডাল নিয়ে দুঃশ্চিন্তায় আছে মানুষ। এ দুর্যোগপূর্ণ আবহাওয়া দীর্ঘদিন চললে অবস্থা ভয়াবহ হতে পারে।
☞ সমুদ্র উত্তাল থাকার কারণে এক সপ্তাহ ধরে কোন ট্রলার মাছ ধরতে যেতে পারেনি। প্রান্তিক জেলেরা বাকি করে চলছে! দ্বীপে মাছেরও হাহাকার চলছে।
☞ গত শুক্রবারে জুমার নামাজের পর(বেলা ২ টা) থেকে পোস্টটি করার আগমুহূর্ত পর্যন্ত এক সেকেন্ডও বিদ্যুৎ সেবা পায়নি দ্বীপবাসী। আকাশ মেঘাচ্ছন্ন বা বৃষ্টির কারণে সৌর বিদ্যুত নিষ্ক্রিয় হলেও জেনারেটর দিয়ে আপদকালীন বিদ্যুৎ সাপ্লাই করেনি।
☞ বিদ্যুতের অভাবে হাসপাতালে মোবাইলের আলো জ্বালিয়ে প্রাথমিক চিকিৎসা চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোন রাগী টেকনাফ রেফার করতেও পারছে না!
☞ সামান্য একটা লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে এতো দূর্ভোগ আসবে চিন্তাও করিনি। আরো অনেক সমস্যা বা দুর্ভোগ আছে, বিস্তারিত লেখার জন্য প্রয়োজনীয় চার্জ মোবাইলে নাই।
☞ অনেক মিডিয়ার লোকজন খোঁজখবর নিচ্ছেন। মোবাইলের চার্জ সংকটের কারণে সবাইকে প্রতি মুহূর্তে আপডেট দিতে পারছি না। সে জন্য আন্তরিকভাবে দুঃখিত। মিডিয়ার ভাইয়েরা আশাকরি অনেক প্রশ্নের উত্তর এ লেখায় পেয়ে যাবে।
👉 সবাই আপনাদের প্রিয় সেন্ট মার্টিন ও সেন্টমার্টিনকে আগলে রাখা দ্বীপবাসীর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ সহায় হোক।
© Tayub Ullah