26/01/2022
ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয়
লাইফসাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর
------------------------------------
বাংলাদেশ-ভারত মৈত্রী সম্পর্কের ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এনআইসিও (লাইফসাপোর্ট) সুবিধা সম্বলিত বিশেষ এ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। ২৫ জানুয়ারী দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর হাতে এ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক মৈত্রী সভা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজিব রঞ্জন, সেকেন্ড সেক্রেটারী মি. ওদুট জেএইসএ। এতে বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌর মেয়র মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। বিশ্বের কোনো শক্তিই এটিকে বিচ্ছিন্ন করতে পারবে না। মাঝে মাঝে কিছু স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি দু-দেশের সম্পর্ককে বিনষ্ট করতে চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা সফল হবে না। কারণ বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হলো আস্থা এবং বিশ্বাসে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তে লেখা এ সম্পর্ক। দু-দেশের জনগণের মধ্যকার এ সম্পর্ক কখনোই ছিন্ন করা যাবে না। এ সম্পর্ক কেবল দু'টি রাষ্ট্রের সম্পর্কই নয়; এ সম্পর্ক দু’টি দেশের জনগণেরও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু-দেশের মৈত্রী সম্পর্ককে ইতিহাসের এক নতুন মাইলফলকে নিয়ে গেছেন।'